শুক্রবার, ১০ জুলাই, ২০২০

স্নাতকের দিনগুলির ষোলআনা - পর্ব ১১



প্রতিদিনকার মতোই বাস থেকে নেমেই ভোঁ দৌঁড়, আজ অবশ্য এক পশলা বৃষ্টি হয়েছিল…রাস্তার এখানে ওখানে পানি জমে আছে। দৌঁড়াতে দৌঁড়াতেই রাস্তার জমে থাকা গর্তের পানিতে এক পা পড়ে যায় আর আমি পা মচকে পড়ে যাই।
-রাস্তায় মেয়েমানুষ দেখলেই গায়ের উপড় পড়তে ইচ্ছে করে না?-ফুটপাথে দাঁড়ানো একটি মেয়ে আমাকে উদ্দেশ্য করে বলল।
-অই মাইয়া, মুখ সামলাইয়া কথা বলো। দেখতেছ না বেচারা পড়ে ব্যাথা পাইছে।-সাথে সাথে প্রতিবাদ করল সাথে থাকা বন্ধু জাহিদ।
-কত ঢঙ, আমার গায়ে যে পানি এসে পড়ছে সেটার বিচার কে করবে?
-এই তুমি কোন ভার্সিটি তে পড়ো?
-এই ছেলে- আমি সাউদার্ন এর স্টুডেন্ট, এক ডাক দিলে এখন একঝাঁক পোলাপান চলে আসবে।
-হো, কত দেখছি... ডাক, ডাক তোমার বয়ফ্রেন্ডদের।
পরিস্থিতি অন্য দিকে মোড় নিচ্ছে দেখে আমি যথেষ্ঠ বিনয়ের সহিত তরুণীটিকে বললাম-
-দেখেন আপু আমাদের এক্সাম আছে, আমার ভুল হয়ে গেছে…এক্সট্রিমলি সরি। আরেকটু দেরি করলে এক্সাম হলেই ঢুকতে দেবে না।
-আচ্ছা যান যান…ভাগেন। যত্তসব। সকাল সকাল কাপড়টাই নোংরা করে দিল। 

দুর্ঘটনাস্থল গোলপাহাড় মোড় পেরিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে কিছুদুর যেতে না যেতেই জাহিদ রেগে গিয়ে বলল-
-দেখ এই কাজটা তুই ঠিক করলি না, এসব মেয়েদের সামনে গলা নরম করে কথা বলা যাবে না। তোর জাগায় আমি থাকলে ওরে একটা থাপ্পড় দিয়ে দিতাম, কত্ত বড়ো বেয়াদপ মেয়ে।
-ভাই মাথা ঠান্ডা কর, নয়ত যা পড়ছিস সব ভুলে যাবি। ব্যাথা তো আমি পাইছি রে,বাদ দে।
-তুই পাইছিস পায়ে ব্যাথা, আমি পাইছি মনে। 

কথায় আছে “Morning Shows the day”, আর সকাল সকালই যে এমন বিতিকিচ্ছিরি কান্ড ঘটে বসবে কে জানতো?
আজ বিকালে আবার নাকি ক্যামিস্ট্রি ল্যাব ফাইনাল, ল্যাব রিপোর্ট খাতা কমপ্লিট ছিল বলে তেমন এক্সট্রা টেনশন ছিল না। সকাল বেলায় দু-দুটো মিড এক্সাম ছিল। কি লিখছি কি না লিখছি কিছুই বুঝে উঠতে পারি নাই। সিনিয়ররা বলছে, প্রথম সেমিস্টারটা নাকি একটু এমন হয়…সিটি, এসাইনমেন্ট, কুইজ, ল্যাব-রিপোর্ট, মিড, ভাইবা, ল্যাব পারফর্মেন্স, ফাইনাল এইসব এর সিস্টেমটা বুঝতে একটু সময় লাগবে।

দুপুরের বিরতিতে আজ ত্রিশ টাকার বিরানি খেলাম। এত কম দামে এতো ভালো খাবার মাঝে সাঝে কেবল মজনুর টঙেই মেলে। বিরিয়ানির উৎস শুনলে হয়তো অনেকেই খেতে চাইবেন না। ক্যাম্পাসের পাশেই মাজার… মাজারের উপর ইয়া বড় একটা পিতলের বদনা শোভা পাচ্ছে। মাজার প্রাঙ্গনের দোকানগুলোতে বদনার সমারোহ... আগরবাতি, মোমবাতি, তাবিজ, কবজ এর রমরমা ব্যাবসা। মাজারের সামনের ফুটপাতেই একগাদা ভিক্ষুকদের লাইন লেগে থাকে সর্বদা, মাজারে যারা আসে এদের বিরানি খিচুড়ি দিয়ে যায়। ভাল ভাল বিরিয়ানির প্যাকেটগুলো এরা পাশের মজনুর টঙে বিক্রি করে দেয়, আর তা থেকেই আমাদের অল্প টাকায় দুপুরের ভুড়িভোজ। এজন্যেই আমাদের পেটের নাম মহাশয়…যাহা সওয়াবেন তাহাই সয়।

মাজারকেন্দ্রিক এসব অতিভক্তি কিংবা ব্যবসা আমার একেবারেই পছন্দ না। খেয়ে দেয়ে মাজার কমপ্লেক্স এর মসজিদে গেলাম, উপর তলায় উঠে আমি আর জহির জোহরের সালাতটা আদায় করে বেরোতে নিচ্ছিলাম আর সাথে সাথেই জহির বলে উঠল-
-কই যান ভাই, মাত্র দুইটা বাজে…ল্যাব ফাইনাল শুরু হবে তিনটা থেকে।
-হ্যাঁ, তা তো জানি। তো এখানে বসে থেকে কিই বা করব?
-আরে জিরাইয়া নেন মিয়া, শুয়ে পড়েন এদিকটায়।
বলতে না বলতেই মাথায় ব্যাগ দিয়ে মেঝেতে গা এলিয়ে দিল জহির।
-বাহ, দারুণ তো ! তুমি কি প্রতিদিন দুপুরে এখানে জিরিয়ে নাও।
-অই আরকি ভাই, আল্লাহর ঘর …আর আমরা ক্ষণিকের মুসাফির।
-আচ্ছা, আমিও তাহলে শুয়ে পড়ি, এলার্ম দিয়ে রাখো… যদি আবার ঘুম চলে আসে !!!
-সমস্যা নাই, আমি আছি।
বেশ আরামদায়ক একটা ছোট্ট ঘুম ভাঙল জহিরের ডাকাডাকিতে। ব্যাগ-জুতো নিয়ে বেরিয়ে চললাম দুই নম্বর একাডেমিক ভবনের দিকে… লিফট ধরতে হবে, গন্তব্য সাত তলা “কেমিস্ট্রি ল্যাব”।

ল্যাবে ঢুকতেই দেখি শুনশান নীরবতা, স্যার আজ অনেক আগেই এসে হাজির। আমরা ঢুকতেই বোর্ডে স্যার লিখা শেষ করলেন। তাড়াতাড়ি ঢুকে ল্যাব রিপোর্ট খাতা জমা দিতেই…
-এই তোমরা লেট কেন? আইডি কত? গ্রুপ ঠিক করা আছে বোর্ডে দেখ।
আমরা বোর্ডে লিখা গ্রুপিং দেখে যার যার গ্রুপে ঢুকে পড়লাম। চারজন করে করে ছয়টা গ্রুপ করা হয়েছে। প্রত্যেক গ্রুপের এক্সপেরিমেন্ট আলাদা আলাদা। টাইট্রেশান আর স্পেকট্রোমিটারে ভলিউমেট্রিক এনালাইসিস করে গ্রুপে দেয়া স্যাম্পল এর বিশুদ্ধতার পরীক্ষা করতে হবে। ব্যাপারটা তেমন কঠিন না, যতটা না ভাইবা। “দশে মিলি করি কাজ” থিওরিতে এই এক্সপেরিমেন্ট মিলানো কোন ব্যাপার না, কিন্তু ভাইবা হবে একজন একজন করে ডেকে ডেকে। সময় যতোই গড়াচ্ছিল আমার টেনশনের পারদ ততোই বাড়ছিল। ইতোমধ্যেই আমাদের গ্রুপ বিশুদ্ধতার পরীক্ষা সম্পন্ন করে ফেলেছে, উচ্চ মাধ্যমিক এ থাকতে কলেজে ক্যামিস্ট্রি ল্যাবে আমার বেশ কুখ্যাতি ছিল। এটা ওটা ভেঙ্গে ফেলতাম, পরে গিয়ে আবার জরিমানা দিতে হতো। তাই খুব সাবধানতার সাথে দূরে দূরে থেকে কাজ করছিলাম, এই জাঁদরেল শিক্ষকের পাল্লায় যাতে না পড়ি। আমার রোল শেষদিকে ছিল বলে আগে যাদের যাদের ভাইবা হয়েছে তাদের থেকে অভিজ্ঞতা সঞ্চয় করে মোটামুটি ভাবে আমার ভাইবা পার করে দিলাম, সবাই এটা ওটা নোট-শিট-বই কতো কি যে পড়ছিল। অথচ কিছুই না পড়ে কি এক্সপেরিমেন্ট করছি না করছি এইগুলা বলেই পার পেয়ে গেলাম।
পরীক্ষা শেষে প্রফেসর ঘোষণা দিলেন, আমাদের ০.৭৫ ক্রেডিট কমপ্লিট এবং উপস্থিত সবাই পাশ করেছে। ল্যাবের বাকি সময়টা বাইরে বৃষ্টি দেখতে দেখতে পার করে দিলাম আর ভাবছিলাম, কতোই না অদ্ভুত এই বৃষ্টি…সকাল বেলা মন খারাপ করে দিলো আর এই পড়ন্ত বিকেলে স্মৃতিকাতর করে দিলো। এই ল্যাব, এই ল্যাবের প্রত্যেকটা ইন্সট্রুমেন্ট সবকিছু কেমন আপন মনে হচ্ছে। হয়তো আর আসা হবে না এই ল্যাবে।

ল্যাব পারফর্মেন্স শেষেই সবাই খুব খুশি। ১৬০ ক্রেডিটের মধ্যে ০.৭৫ ক্রেডিট সম্পন্ন হয়েছে, এতেই এই বাধভাঙ্গা আনন্দ, না জানি পুরো ১৬০ ক্রেডিট সম্পন্ন হলে পরে কি হবে ? অবশ্য এই খুশির কারণ আছে, মাত্র ০.৭৫ ক্রেডিটের এই ল্যাবকে যে প্যারা দিতে দিতে প্রফেসর দিগুণ অর্থাৎ দেড় ক্রেডিটের সমান বানিয়ে ছেড়েছেন তা থেকে মুক্তির আনন্দ অসীম। সবাই তাই খুশিতে কোলাকুলি করা শুরু করলাম, সিনিয়ররা একের পর এক এই কোর্স নিতে নিতে ক্লান্ত। আমরা একবারেই পার পেয়ে গেছি … আমাদের জন্যে তো আজ ঈদ।

যাবার পথে যে যার যার ফাইনাল এর এডমিট কার্ড কালেকশন করে নিল সেকশান অফিস থেকে। দুদিন ছুটি- এরপরই যে ফাইনাল এক্সাম শুরু। ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনালও ইতোমধ্যে মাঠে গড়িয়েছে, আর আমরা ফাইনালে হেরে গেছি কম্পিউটার বিজ্ঞান অনুষদের ফার্স্ট সেমিস্টারের টিমের কাছে। অবশ্য প্রথম দিকে প্রতিরোধ গড়ার চেষ্টা করেও প্রতিপক্ষের দুর্দান্ত গতির ফার্স্ট বোলিংয়ে বলতে গেলে এবারে ভেঙ্গেই পড়ে “সার্কিট ব্রেকার”।
>>>>>>>>>>> 

আজ থেকে আমাদের ফাইনাল এক্সাম শুরু, প্রথম পরীক্ষাটাই সেই বিষাক্ত “সার্কিট-১”। বয়েলস্ট্যাড এর ইয়া মোটা বই পড়ে কমবেশি সবাই এমনিতেই মুষড়ে পড়েছে, এর মধ্যে কেউ কেউ আবার শুনাচ্ছে ম্যাগনেটিক ফিল্ড এর চ্যাপ্টারও নাকি পড়াইছে। মানে মড়ার উপর খাঁড়ার ঘা যাকে বলে। কয়েকটা সার্কিট এর ম্যাথ সম্ভল করে এক্সাম হলে ঢুকলাম। ঢুকেই দেখি…ইয়াল্লা।
এত্তো বিশাল বিশাল গ্যাপ…পুরা ক্লাসরুমই তো দেখছি চেঞ্জ। অর্ধেক চেয়ার বের করে অনেক দূরে দূরে করে বাকি চেয়ারগুলো বসানো হইছে। ঢুকতে না ঢুকতেই দেখি যে যার মতো পেছন দিক থেকে সিট ফিল আপ করে ফেলেছে। আমিতো পুরাই বোকা বনে গেলাম। রোল নাম্বার অনুযায়ী হলরুম ঠিক করা হয়েছিল বটে, কিন্তু সিটও সেট করে দেয়ার সিস্টেমটা ছিল না প্রথম দিকে। আর তাই সবাই আগে আগে এসে পেছন দিকে বসে পড়ে…পরে আসো তো সামনে বসো। আমাকে আমার বোকামির কারণেই সামনে বসতে হলো। খাতা পেয়ে সব ফিল-আপ করে ঘন্টা পড়ার পর যখন প্রশ্ন পেলাম তখন তো আমাদের অনেকের মাথায় হাত- এইটা কি প্রশ্ন না অন্য কিছু? খাইছে !!! ম্যাম ফাইনালেই তবে আমাদের উপর ঝাল তুললেন। বয়েলস্ট্যাড এর বই এর একটাও ম্যাথ হুবুহু কমন আসে নাই, এদিক ওদিক ঘুরিয়ে পেঁচিয়ে বেশ ভালোভাবেই আমাদের মতো বেচারাদের জব্দ করেছেন ম্যাম।
-অই সানি, কয়টা কমন পড়ছে? – পেছন থেকে পিঠে জোরসে গুতো দিল জাহিদ। আমি আউউ করে শব্দ করে পেছন ফিরতেই স্যার কটমট চোখে তাকালেন আমার দিকে।
-একটাও কমন পড়ে নাই স্যার। - স্যারকে উদ্দেশ্য করে বলে বোঝালাম জাহিদকে। যাক বেচারা আর গুতোবে না বোধ হয়।
এদিকে সার্কিট এর থিওরেটিকাল ব্যাপার স্যাপার নিয়ে কিছু বেসিক ক্লিয়ার ছিল, তাই ইংরেজিতে বানিয়ে বানিয়ে লিখতে লাগলাম। আর বন্ধু রাশেদের কাছ থেকে বুঝে নিয়েছিলাম কিভাবে বড় বড় সার্কিট ছোট করে সলভ করা যায়। এই হালকা কিছু রশদ এক ঘন্টা না পেরুতেই ফুরিয়ে গেল, পরিদর্শক হিসেবে আসা প্রফেসর অনিল স্যার আশ্বস্ত করলেন…যতটুকু পারা যায় নিয়ম মেনে ম্যাথ গুলো সলভ করতে…Partial Marking বলে নাকি কিছু একটা আছে।

খাতা জমা দিয়ে এক্সাম হল থেকে বেরুতে না বেরুতেই দেখি একদল ছেলেপিলে ইচ্ছেমতো ম্যামকে গালাগাল দিচ্ছে। আমিও শরীক হতেই দেখি এদের অবস্থা আমার থেকেও খারাপ। এই একটা সময় আমার খুব মনোবল ফিরে আসে যখন দেখি অন্যদের অবস্থা আমার মতো। কেউ কেউ তো আরেক কাঠি সরেশ…যেমনটা পাশেই থাকা ওয়ারিফ।
-চিন্তার কিছু নাই ভাই, রিটেক নিয়ে নিব আবার ফেল করলে। শুধু এক্সাম ফি দিলেই হবে।
-রিটেক আবার কি ? আমি অনুসন্ধিৎসু হয়ে ওয়ারিফকে প্রশ্ন করলাম।
প্রত্যুত্তরে যা বুঝলাম ভার্সিটিতে ফেল করলেও লাজ-শরমের কিছু নাই, রিটেক-রিকোর্স নিয়ে সব ক্লিয়ার করা যায়। যাক ওয়ারিফের কথায় আশ্বস্ত হয়ে প্রশ্নখানা দলা পাকিয়ে পকেটে গুঁজে দলবেঁধে মজা করতে করতে বাড়ির পথে পা বাড়ালাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

স্নাতকের দিনগুলোর ষোলআনা - পর্ব ৪২

  মাইক্রোকন্ট্রোলার নিয়ে নুব লেভেলে কাজ করতে গেলে আর্ডিনোর বিকল্প হয়না , আর চারিদিকেও এই আর্ডিনোর জয়জয়কার চলছে। ক্যাম্পাস থেকে ফেরার পথে ফেম...